ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ৫:১৬ পূর্বাহ্ন

৪৬ পৌরসভায় আওয়ামী লীগের জয়

দ্বিতীয় ধাপের নির্বাচনে দেশের ৬০টি পৌরসভার মধ্যে ৪৬টিতেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া চারটিতে জিতেছে বিএনপি। একজন করে জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। আওয়ামী লীগের পাঁচজন ‘বিদ্রোহী’ ও বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থী নির্বাচিত হয়েছেন। একটি পৌরসভার ভোটগ্রহণের ফলাফল স্থগিত করা হয়েছে।

শনিবার রাতে সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এসব ফলাফল পাওয়া গেছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নির্বাচনে ছয় গুণ ভোটে জয় পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। এ নিয়ে টানা তৃতীয়বার তিনি মেয়র হলেন। এ নির্বাচনে আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট। নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হাসিনা গাজী।

রাজশাহীর কাঁকনহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম আতাউর রহমান খান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাফিজুর পেয়েছেন ৫ হাজার ১৩৬। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক মণ্ডল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ পেয়েছেন ২ হাজার ৬৯৯ ভোট। আড়ানী পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোক্তার আলী জয় পেয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ