জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে থানায় জিডি করেছেন শামসুন্নাহার কনা নামের মেয়ে। তিনি একজন গৃহিণী। গতকাল শনিবার সকালে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি এই সাধারণ ডায়েরি করেন। তবে অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তৌসিফ। অভিযোগের উপযুক্ত প্রমাণ দিতে না পারলে ওই গৃহিণীর বিরুদ্ধে মানহানির মামলা করার আভাসও দিয়েছেন তৌসিফ।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে ফেসবুকে ১৮ মাস আগে পরিচয় হয় কনার। পরিচিত হওয়ার পর গত ছয় মাস আগে একটি নম্বরে কনার কাছ থেকে ২০ হাজার টাকা নেন তৌসিফ। এরপর তিনি তৃতীয় পক্ষ শাহরিয়া হোসেনের মাধ্যমে সোনালী ব্যাংক, সাহাপুর শাখা, চাটখিল, নোয়াখালী অ্যাকাউন্ট নম্বর ৩৪১০০৪৪১ হিসাবের মাধ্যমে বিভিন্ন সময়ে আরও ৩ লাখ ২০ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পর তৌসিফ ওই কনার সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি।
সাধারণ ডায়েরির বিষয়ে কনা দাবি করেন, তৌসিফ মাহবুবের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকে তাঁর পরিচয় হয়। এরপর মডেল বানানোর কথা বলে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়েছেন তৌসিফ।
তবে কনার এসব অভিযোগ উড়িয়ে দিয়ে তৌসিফ বলেন, ‘এসব মিথ্যা ও বানোয়াট। ১২ জানুয়ারি রাতে চট্টগ্রাম থেকে ফ্লাইটে ঢাকায় নামার পর একটা ফোন পাই। কথোপকথন ছিল এ রকম, ‘ভাইয়া, আপনি তৌসিফ?
জি বলছি।
আমি কনা বলছি। আমি আসলে ভুল তৌসিফের সঙ্গে কথা বলে ৫ লাখ টাকা দিয়ে ফেলছি।
আপনি ভুল করেছেন। আমার তো কিছু করার নাই। এই যুগে এসেও এই রকম বোকামি কেন করবেন!’
তৌসিফ বলেন, ‘তারপর থেকে কন্টিনিউয়াসলি তিনি আমাকে ফোন দিয়েই যাচ্ছেন। আমার সঙ্গে কথা বলতে চান। আমাকে বিব্রতকর বিভিন্ন মেসেজ পাঠান। আমি একাধিক নম্বর ব্লক করি। আজ শুনি তিনিই আমার বিরুদ্ধে জিডি করেছেন!’