ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

পৌষ শেষ না হতেই শুরু বছরের প্রথম দফা শৈত্যপ্রবাহ

বাংলার প্রকৃতিতে তীব্র শীতের আভাস। উত্তুরে হিম হাওয়ার সঙ্গে মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা বিস্তীর্ণ অঞ্চলে; দিন-রাতের তাপমাত্রাও কমছে। পৌষের শেষ দিনেই চলতি মৌসুমে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের বিস্তীর্ণ জনপদে।

আজ রাজধানীর তাপমাত্রাও কমে আসবে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরো দু-তিন দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও সৈয়দপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এর প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পড়বে।

বাংলাদেশে শীতের দাপট মূলত চলে জানুয়ারি মাসজুড়ে। ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৩ সালের ১১ জানুয়ারি সৈয়দপুরের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, বছরের শুরুতে এটা প্রথম দফা শৈত্যপ্রবাহ। ডিসেম্বরেও টানা কিছুদিন এক দফা শৈত্যপ্রবাহ ছিল। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করবে কিছু কিছু এলাকায়। সেই সঙ্গে বিস্তারও বাড়বে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিরাজ করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এরই মধ্যে জানুয়ারিতে দু-একটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এরমধ্যে একটি তীব্র রূপ নেওয়ার শঙ্কা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ