দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিন রুটে নিয়মিত পর্যটক নিয়ে যাবে বিলাসবহুল প্রমোদতরী এমভি বে-ওয়ান।
আগামী বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা থেকে মহেশখালী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর হয়ে সেন্টমার্টিনে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে জাহাজটি যাতায়াত শুরুর কথা রয়েছে। প্রাথমিকভাবে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে জাহাজটি ছেড়ে যাবে। সেন্টমার্টিন পৌঁছাবে সকাল ৭টায়। শুক্র, শনি ও রবিবার দুপুর ১টায় ফিরতি যাত্রী নিয়ে সেন্টমার্টিন ছেড়ে আসবে জাহাজটি। সন্ধ্যা ৭টায় জাহাজটি চট্টগ্রামে ফিরবে। সেন্টমার্টিনগামী পর্যটকদের জন্য এ জাহাজে যাওয়া-আসার সর্বনিম্ন ভাড়া হবে ৩ হাজার টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৫০ হাজার টাকা। যাতায়াতের জন্য একাধিক প্যাকেজ ঘোষণা করেছে এমভি বে-ওয়ানের পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স।
পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে গতকাল সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানান কর্ণফুলী শিপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়নে বিলাসবহুল এ শিপ নতুন সংযোজন। জাপানের কোবে শহরের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজে তৈরি করা বে-ওয়ান ক্রুজ দেশে আনা হয়েছে। জাহাজটির উত্তাল সমুদ্র ও ঝড়-তুফান মোকাবিলা করার সক্ষমতা রয়েছে। জাহাজের দুই পাশে দুটি ফিন স্ট্যাবিলাইজার (বড় ফ্যান) আছে। সমুদ্রে ঝড়ো হাওয়া শুরু হলে দুই পাশে এগুলো স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসবে। তখন জাহাজটি স্থির হয়ে থাকবে। জাহাজটিতে রয়েছে কেবিন, প্রেসিডেন্ট স্যুট ও সাধারণ আসন মিলিয়ে প্রায় দুই হাজার আসন। জাহাজটি পরিচালনায় ১৭ জন ক্রুর পাশাপাশি যাত্রীসেবায় নিয়োজিত থাকবেন আরো ১৫০ জন ক্রু। দুই হাজার যাত্রী পরিবহনে সক্ষম এ জাহাজে প্রাথমিকভাবে ৫০০ থেকে এক হাজার যাত্রী প্রত্যাশা করছি। আশা করছি, পর্যায়ক্রমে যাত্রী বাড়বে। এখন সপ্তাহে তিনদিন চলাচল করলেও সপ্তাহে সাত দিনই চলাচলের পরিকল্পনা রয়েছে।


















