মস্কো আর বেইজিং নিজেদের মুদ্রায় বর্তমানে ২৫ শতাংশ আন্তঃবাণিজ্যিক লেনদেন করছে। অথচ ৭ বছর আগেও এ হার ছিল মাত্র ২ শতাংশ।
চীনের সঙ্গে দিনদিনই বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে রাশিয়ার। ডলার ছাপিয়ে স্থানীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনা করা বেশ কঠিন। কিন্তু দুই দেশই নিরুপায়। আন্তর্জাতিক বাণিজ্যে নানা বিধিনিষেধের কারণে রুবল আর ইউয়ানেই আর্থিক লেনদেন করছে দুই দেশ।
শুধু চীন রাশিয়া নয়, ডলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে কিউবাসহ আরও অনেক দেশ। আন্তঃদেশীয় চুক্তির মধ্য দিয়ে ২০১৯ সালে জাতীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করে চীন-রাশিয়া। এই মুদ্রা ব্যবস্থায় ৫০ শতাংশ পর্যন্ত বাণিজ্য বাড়ানোর লক্ষ্যমাত্রা আছে দুই দেশেরই।
২০১৯ সালে দুই দেশের বাণিজ্য ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাণিজ্যে বাধা দূর করতে একসঙ্গে কাজ করছে বেইজিং ও মস্কো। ২০২৪ সাল নাগাদ দুই দেশের বাণিজ্য ২০ হাজার কোটি ডলারে উন্নীত হওয়ার প্রত্যাশা করছে চীন-রাশিয়া।



















