সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মজার টিকটক ভিডিও তৈরি করে আলোচনার কেন্দ্রে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। লকডাউনে ক্রিকেট যখন বন্ধ ছিল, তখন টিকটকেই জমিয়ে দিয়েছিলেন তিনি। বলিউডের আইটেম গান ‘শিলা কি জওয়ানি’তে মেয়ের সঙ্গে তুমুল নাচ থেকে তামিল গানে স্ত্রীর সঙ্গে নেচেছিলেন ডেভিড ওয়ার্নার।
আবার বাহুবলী- ছবির দৃশ্যে সেনাবাহিনীর পোশাকে সাজ থেকে অক্ষয় কুমারের নকল করে নাচ- সবেতেই জুড়ি মেলা ভার অস্ট্রেলিয়ার ওপেনারের। ইনস্টাগ্রামে তো পাঁচ মিলিয়ন ফলোয়ার ওয়ার্নারের।
কয়েকদিন আগেই বলিউড বাদশা শাহরুখ খানের ভূমিকায় অবতীর্ণ হন ডেভিড ওয়ার্নার। শাহরুখ খান অভিনীত ‘ডন ২’ ছবির একটি দৃশ্য নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ডেভিড ওয়ার্নার। এমনকি রি-ফেস অ্যাপের মাধ্যমে তিনি শাহরুখের জায়গায় নিজের মুখ বসিয়ে দেন।
সম্প্রতি আইসিসি দশকের সেরা পুরস্কার ঘোষণা করেছে। দশকের সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। দশকের সেরা একদিনের ক্রিকেটারও কিং কোহলি। দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। এবং দশকের সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
একমাত্র দশকের সেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। আইসিসির পুরস্কারকে নকল করে ওয়ার্নার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দশকসেরা টিকটকার পুরষ্কার।

ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহলকেও দলে টেনেছেন তিনি। পোস্টে লিখেছেন, আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমার মনে হয় যুজবেন্দ্র চাহল ও আমি যুগ্ম বিজয়ী।


















