ইয়েমেনের আডেন বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
দেশটির নবগঠিত সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ সদস্যরা সৌদি আরব থেকে বিমানে অবতরণের কিছুক্ষণ পরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৬০ জন।
স্থানীয় ও সৌদি আরবের গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী মইন আব্দুল মালিক ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতির প্রাসাদে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
আডেন স্বাস্থ্য বিভাগের উপ-প্রধান মোহম্মদ আল রোবিদ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ১৬জন নিহত হয়েছে, আহত হয়েছে ৬০ জনেরও বেশি। তবে অনেকে ধারণা করছেন নিহতের সংখ্যা ২৫ জনের মতো।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মোহাম্মদ আল ইরায়নি ঘটনার জন্য ইরান সমর্থিত বিদ্রোহীদের দায়ী করেছেন। তবে হুতি বাহিনী হামলার দায় অস্বীকার করেছে। ঘটনাস্থলে উপস্থিত সরকারি কর্মকর্তারা জানিয়েছেন তারা বিমানবন্দরের আশেপাশে ছড়ানো মৃতদেহ দেখেছেন।

ইয়েমেনের যোগাযোগমন্ত্রী নাগুইব আল ওগ জানিয়েছেন হামলাকারীদের টার্গেট ছিল প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সদস্যদের বহনকারী বিমান। তিনি নিজেও ওই বিমানে ছিলেন। এটা ড্রোন অ্যাটাক ছিল বলে ধারণা করছেন তিনি। সৌদি ফেরত বিমানের সকলেই নিরাপদে আছেন বলেও জানান তিনি।
এরআগে এএফপির প্রতিনিধি জানান, তিনি দুইটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। মন্ত্রিরিষদ সদস্যরা যখন বিমান থেকে অবতরণ করছিলেন তখন দুইটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।


















