যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় থাকা জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ব্যাপক ক্ষতি করেছেন। প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য তাকে দেওয়া হচ্ছে না। মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এমন তথ্য–সহযোগিতা না করা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জো বাইডেন উল্লেখ করেছেন। বিবিসি।
প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন জো বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি। ক্ষমতার পালাবদলের জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে খুব সীমিত সহযোগিতা করা হচ্ছে জো বাইডেনকে। কোভিড-১৯ সংক্রমণে নাজুক হয়ে ওঠা যুক্তরাষ্ট্রে এবারে ক্ষমতার পালাবদলের কার্যক্রম পরিচালিত হচ্ছে ভিন্ন আয়োজনে।
জো বাইডেনের নিজের শহর ডেলোয়ার রাজ্যের উইলমিংটন শহর থেকেই ট্রানজিশনের কার্যক্রম তিনি দেখভাল করছেন। ২৮ ডিসেম্বর জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক বিষয়ে সহযোগীদের ব্রিফিং গ্রহণ করেছেন জো বাইডেন। ব্রিফিং গ্রহণের পর দেওয়া বক্তৃতায় বাইডেন বলেছেন, ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে না।
নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের তিন সপ্তাহ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাইডেন শিবিরকে আদৌ কোনো সহযোগিতা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ক্ষমতার পালাবদলে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। জো বাইডেন তার বক্তৃতায় বলেন, ডিপার্টমেন্ট অব ডিফেন্স এবং বাজেট ব্যবস্থাপনা অফিস থেকে তিনি নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার অপেক্ষায় থাকা প্রশাসন থেকে সব ধরনের তথ্য দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি দায়িত্বজ্ঞানহীন বলেও তিনি উল্লেখ করেন। এই মুহূর্তে সারা বিশ্ব সম্পর্কে, যুক্তরাষ্ট্রের শত্রুদের সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া প্রয়োজন বলে জো বাইডেন উল্লেখ করেন।
জো বাইডেন বলেছেন, সরকারের সংস্থাগুলো আমেরিকার নিরাপত্তার জন্য জটিল সব কাজ করে থাকে। ব্যক্তিগত প্রভাবে এসব সংস্থাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং নৈতিকতা ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।