সরকারি নির্দেশ মেনে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে প্রচার করেননি। এর জেরে ১০০ ইমাম ও ইসলাম প্রচারককে বরখাস্ত করল দেশটির ধর্ম মন্ত্রণালয়।
দেশটির মক্কা ও আল-কাসিম এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট।
খবরে বলা হয়, গত ১৩ নভেম্বর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে খুতবায় আলোচনা করতে ইমামদের নির্দেশনা দেয় সৌদির ধর্ম মন্ত্রণালয়। কিন্তু অনেক মসজিদে এ নির্দেশনা সেভাবে পালন করা হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, গত মাসে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স সংক্রান্ত মন্ত্রণালয় থেকে একটি নির্দেশিকা জারি করা হয়।
এতে উল্লেখ করা হয়, ‘মুসলিম ব্রাদারহুডের সদস্যরা ইসলামের নামে ভুল শিক্ষা দিচ্ছে। সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। তাই দেশের প্রত্যেক ইমাম ও ইসলামিক ধর্মপ্রচারককে তাদের বিরুদ্ধে প্রচার করতে নির্দেশ দেয়া হচ্ছে।