ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ট্রফি জিতে যা বললেন মাহমুদউল্লাহ

দারুণ এক কীর্তি গড়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শিরোপা জিতে ঘরোয়া ক্রিকেটে টানা দুই আসরে শিরোপা জিতলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় করোনা পরবর্তী দুই আসরেই চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দল।

শুক্রবার শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শিরোপা জিতেছে জেমকন খুলনা। যে দলের নেতৃত্বে ছিলেন মাহমুদউল্লাহ। এর আগে গত অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস কাপেও (ওয়ানডে টুর্নামেন্ট) শিরোপা জিতেছিল মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দল- মাহমুদউল্লাহ একাদশ।

শুক্রবার রাতে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। এই ম্যাচে ৭০ রানের রাজকীয় ইনিংস খেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। শিরোপার স্বাদ নেয়ার পাশাপাশি ফাইনাল সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

শিরোপা জেতার পর এর প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহ বলেন, ‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। যেভাবে বোলার, ব্যাটসম্যান ও বিশেষ করে ফিল্ডাররা যেভাবে তাদের সব ঢেলে দিয়েছে তাদেরকে কৃতিত্ব দিতেই হয়। আলহামদুলিল্লাহ্, আমরা আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি।’

ফাইনালে নিজের অপরাজিত ৭০ রানের ইনিংস বিষয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথম কয়েক ম্যাচে আমি যেভাবে চাইছিলাম সেভাবে ব্যাটিং করতে পারছিলাম না। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি অনেক খুশি যে ফাইনালে অবদান রাখতে পেরেছি।

এরপরই দলের অভিজ্ঞ সতীর্থকে ধন্যবাদ জানান খুলনার অধিনায়ক।

তিনি বলেন, দলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে ম্যাশকে (মাশরাফি)। সে অনেক সাহায্য করেছে। তার অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। তাকে পেয়ে আমি খুবই খুশি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ