বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনার সর্বোচ্চ সদ্ব্যবহারে ব্যবসায়ী পর্যায়ে যৌথ উদ্যোগ নেয়া প্রয়োজন। এর পাশাপাশি ফিনিশ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ ও তাদের কারখানা গড়ে তুলে স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি অন্যান্য দেশেও তাদের পণ্য রপ্তানি করতে পারে।
রাজধানীর মতিঝিলের? এফবিসিসিআই-আইকন টাওয়ারে গতকাল ‘ফিনল্যান্ড-বাংলাদেশ বিজনেস ইভেন্ট অন বাইল্যাটেরাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন দ্য অনগোয়িং গ্লোবাল প্যানডেমিক অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক অনুষ্ঠানে আলোচকরা এ অভিমত ব্যক্ত করেন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ফিনিশ চেম্বার অব কমার্সের (ফিনচ্যাম) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন ফিনল্যান্ডের ডেভেলপমেন্ট কোঅপারেশন অ্যান্ড ফরেন ট্রেডবিষয়ক মন্ত্রী ভিলে স্কিনারি। স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। এফবিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফিনচ্যামের প্রেসিডেন্ট ও সিইও জুহো রমাকাম্মেয়ি, সিনিয়র অ্যাডভাইজার জেনি আইসোলা, এফবিসিসিআইয়ের উপদেষ্টা সোনিয়া বশির কবির, অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, মেকালিফটের সিইও জেনি কালিওমাকি এবং ওয়ার্টসিলার প্রেসিডেন্ট ও সিইও জাকো এস্কোলা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ফিনচ্যামের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টিমো ভিওরি।
টিপু মুনশি বলেন, যেসব ইউরোপীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, তার মধ্যে ফিনল্যান্ড অন্যতম। বাংলাদেশ ও ফিনল্যান্ডের বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোয় বেড়েছে। বাংলাদেশের রপ্তানিকারকরা ফিনল্যান্ডে আরও পণ্য রপ্তানির সুযোগ নিতে আগ্রহী। তিনি বলেন, করোনার কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ার কাঁচামাল আমদানি যেমন কমেছে, তেমনি শিল্প উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বাণিজ্য আরও কমে যাওয়ার আশঙ্কা আছে। এ বিষয়টি আন্তর্জাতিকভাবে মোকাবিলা করা উচিত।
ভিল স্কিনারি বলেন, করোনার আগে দু’দেশের মধ্যে বাণিজ্য ধীর হলেও বাড়ছিল। আমরা আশা করি দ্রুত আগের অবস্থায় ফিরে যেতে পারব। তিনি বলেন, ফিনল্যান্ডে বাংলাদেশে পণ্য রপ্তানির ভালো সুযোগ রয়েছে। আমরা সম্মিলিতভাবে আরও ভালো কিছু করতে পারি। চলতি বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবার্ষিকী উদ্যাপনের কথা স্মরণ করে এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, তার গড়ে দেয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।