টালমাতাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। গত চার দিনের মধ্যে তিন বার বাতিল হয়ে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচ। সিরিজটা আদৌ হবে কি না, সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
গত শুক্রবার সিরিজের প্রথম একদিনের ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু জানা যায় যে দক্ষিণ আফ্রিকা দলের একজন ক্রিকেটার কোভিডে আক্রান্ত হয়েছেন। ফলে শুক্রবারের ম্যাচটি স্থগিত করা হয়। কিন্তু তা বাতিল হয়নি।
পরবর্তী পরিস্থিতিতে প্রথম এক দিনের ম্যাচটি রোববারে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে বলা হয় যে সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে সোমবার এবং বুধবার।
রোববার ম্যাচটি শুরু হওয়ার মাত্র আধ ঘণ্টা আগে সেটি বাতিল হয়ে যায়। এবার জানা যায় যে ইংল্যান্ডের দু’ জন ক্রিকেটার কোভিডে আক্রান্ত হয়ে গিয়েছেন। ঠিক ওই কারণেই সোমবারের দ্বিতীয় একদিনের ম্যাচটিও স্থগিত করে দেওয়া হয়।
সিরিজ এখনও বাতিল হয়নি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আশা করছে, মঙ্গলবার এবং বুধবার দু’টি একদিনের ম্যাচের আয়োজন করা যাবে।