ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

ফাইজারের টিকা নেবেন রানি এলিজাবেথ

ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নেবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে টিকাটির জরুরি অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহ থেকে সেখানে টিকাদান কর্মসূচি শুরু হতে পারে।

মেইল অন সানডে পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ৯৪ বছর বয়সী রানি এলিজাবেথ ও তার স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ তাদের বয়সের কারণে শুরুতেই টিকা পাচ্ছেন। তাদের প্রতি পক্ষপাত দেখানো হচ্ছে না।

ব্রিটেনের লোকজনকে টিকা নিয়ে উৎসাহ দেওয়ার জন্য রাজপরিবারের জ্যেষ্ঠ ব্যক্তিরা তাদের টিকা দেওয়ার কথা জানাতে পারেন। এতে তথাকথিত টিকাবিরোধীদের মধ্যে উৎসাহ তৈরি হতে পারে।

বুধবার ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দেয় যুক্তরাজ্য। এ টিকা কারা পাবেন, তা বয়স ও ঝুঁকির বিষয়টি বিবেচনা করে নির্ধারণ করবেন স্বাস্থ্য কর্মকর্তারা।

বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও তাদের দায়িত্বে থাকা কর্মীরা সবার আগে টিকা পাবেন। এর পাশাপাশি ৮০ বছরের বেশি বয়সী মানুষ এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা এ টিকা পাবেন। এ বিষয়ে অবশ্য বাকিংহাম প্যালেস থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, টিকা গ্রহণে উৎসাহ দিতে ব্রিটেনের উচ্চপর্যায়ের ব্যক্তিরা প্রকাশ্যে টিকা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ