শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে তালিকাভুক্তির জন্য লাভেলো ব্রান্ডের আইসক্রীম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল বুধবার বিএসইসির ৭৪৪তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএসইসির নির্বাহি পরিচালক (চলতি দায়িত্ব) ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
জানা যায়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে যনস্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ফ্রিজ ক্রয়, যানবাহন ক্রয়, ডিপোতে বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও বাবদ খরচ করবে।
লাভেলো আইসক্রিমের ২০১৯-২০ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২.১৭ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানি লাইফ ফাইন্যান্স।



















