চলতি বছরেই ঘূর্ণিঝড় আম্ফানে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো কলকাতা। বিধ্বস্ত হয়েছিলো বাংলাদেশের উপকূলীয় এলাকাও। সে রেশ যেতে না যেতে সাগরে আবারো জেগে উঠেছে নতুন ঘূর্ণিঝড়। যার নাম দেয়া হয়েছে ‘গতি’।
আন্তর্জাতিক আবহাওয়া অধিদপ্তরগুলো সপ্তাহ খানেক আগেই পূর্বাভাস দিয়েছিল যে, এই উপকূলে ঘূর্ণিঝড়ের আসতে পারে। শেষমেশ সেটাই সত্যি হতে চলেছে।
ভারতের আবহাওয়া দফতর সতর্ক করছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির বর্তমান বাতাসের গতিবেগ ঘণ্টার ৬৫ কিলোমিটার।
ঘূর্ণিঝড় ‘গতি’ সোমবার (১২ অক্টোবর) সকালে আরও শক্তিশালী রূপ নিয়ে ভারতের অন্ধপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। তবে গতিপথ পরিবর্তন করলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আঘাত হানার সম্ভবানা রয়েছে। সঙ্গে হবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, সরাসরি এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও উড়িশ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে রোববার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দু’দিন আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে। সে কারণে অন্ধ্রপ্রদেশ, উড়িশ্যা ও আন্দামান উপকূলের জেলেদের এই সময়ের মধ্যে সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
তবে ঘূর্ণিঝড় ‘গতি’র ব্যাপারে এখনো কোনো সতর্কতা বা বার্তা দেয়নি বাংলাদেশ আবহাওয়া অফিস।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে সুস্পষ্ট লঘুচাপ হিসাবে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
এর প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।