ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন

ফিনল্যান্ডে একদিনের জন্য প্রধানমন্ত্রী কিশোরী ‘আভা’

না, এটা কোনো সিনেমা বা নাটকের ঘটনা নয়। সম্প্রতি বাস্তবেই এমন রোমাঞ্চকর ঘটনা ঘটেছে ইরোপের হাজার হ্রদের দেশ নামে খ্যাত ফিনল্যান্ডে।

‘আভা মুর্তো’ নামের ১৬ বছরের এক কিশোরীকে ফিনল্যান্ডে একদিনের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়েছিল৷ গত বুধবার ‘সরকার প্রধান’ হিসেবে ব্যস্ত সময়ই কাটাতে হয়েছে আভাকে৷

কিশোরী আভা মুর্তো শিশু অধিকার সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল গ্লোবাল-এর ‘গার্লস টেকওভার’ প্রচারণার অংশ হিসেবেই পেয়েছিলেন এই দায়িত্ব৷ প্রধানমন্ত্রী সানা মারিন এর জন্য বুধবার তাই অনেকটা ‘নির্ভারই’ কেটেছে৷

আভা ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলের ভাস্কির বাসিন্দা৷ একদিনের প্রধানমন্ত্রী হয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠকের পর গণমাধ্যমকে তিনি জানান, দিনটি তার জন্য খুবই রোমাঞ্চকর ছিল৷ আইন বিষয়ে নতুন অনেক কিছু তিনি শিখেছেন গণমাধ্যমে জানান ঐ কিশোরী।

জলবায়ু ও মানবাধিকার বিষয়গুলো নিয়ে আগে থেকেই সক্রিয় ছিলেন শিক্ষার্থী আভা৷ বুধবার বিকেলে সংসদ সদস্য এবং উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রীর সাথেও তিনি বৈঠক কাজ সেরেছেন৷

নীতি নির্ধারকদের উদ্দেশ্যে তিনি কী বার্তা দিয়েছেন এই সম্পর্কে গণমাধ্যমকে আভা বলেন, ‘‘মেয়েরা কতটা গুরুত্বপূর্ণ তা আরো ভালো করে বোঝা দরকার এবং প্রযুক্তিতে মেয়েরা ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়৷”

আভা আরো বলেন, “আমি মনে করি, নতুন উদ্ভাবন এবং ভবিষ্যৎ নিয়ে বড়দেরকে তরুণরা অনেক কিছু শেখাতে পারে৷’’

ভবিষ্যতে পুরো সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে কিশোরী আভা বলেন, ‘‘যদিও এই সিদ্ধান্ত আমার ওপর নির্ভর করে না, তবে সম্ভবত আমি করব৷’’

‘গার্লস টেকওভার’ মেয়েদের বিরুদ্ধে অনলাইন নীপিড়নের সমস্যা, তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি জগতে লিঙ্গ সমতা নিয়ে কাজ করে৷ ফিনল্যান্ড আন্তর্জাতিকভাবে লিঙ্গ সমতার দিক থেকে অনেক এগিয়ে৷ তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উচ্চপদে এখনও নারীদের প্রতিনিধিত্ব অনেক কম৷ প্রযুক্তি বিষয়ক পড়াশোনায়ও ফিনল্যান্ডের মেয়েদের অংশগ্রহণ ওইসিডির অন্য দেশগুলোর চেয়ে কম৷

এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার অংশ হিসেবেই আভা মুর্তোর হাতে একদিনের দায়িত্ব হস্তান্তর করেন ফিনল্যান্ডের ৩৪ বছর বয়সি প্রধানমন্ত্রী সানা মেরিন৷ তবে একেবারে কাজহীন সময় কাটাননি গত ডিসেম্বরে ক্ষমতা গ্রহণ করা বিশ্বের কনিষ্ঠতম সরকার প্রধান৷ সকালে তিনি বাজেট সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন।

তথ্যসূত্র: ডয়চে ভেলে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ