ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

২০১৯-২০ অর্থবছরে রাজস্ব ঘাটতি ৮২ হাজার কোটি টাকা

করোনা সংক্রমণ রোধে টানা ৬৬ দিন সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। সাধারণ ছুটির সময় চাহিদা কমে যাওয়ায় দেশের বেশিরভাগ শিল্পকারখানায় উৎপাদন বন্ধ ছিল। মানুষের ভোগব্যয়ও কমে যায় এ সময়। যার প্রভাব পড়েছে রাজস্ব আয়ে।

২০১৯-২০ অর্থবছর রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৮২ হাজার ৯৪ কোটি টাকা, যা রেকর্ড। এই ঘাটতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যের হিসাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চূড়ান্ত হিসাবে ঘাটতির এ পরিমাণ দাঁড়িয়েছে। সদ্য বিদায়ী অর্থবছরে এনবিআর আদায় করেছে ২ লাখ ১৮ হাজার ৪০৬ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছর এনবিআর আদায় করেছিল ২ লাখ ২৩ হাজার ৪৬১ কোটি টাকা। অর্থাৎ, গতবারের চেয়ে ৫ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। ১৫ জুলাই পর্যন্ত আগের মাসের ভ্যাট রিটার্ন জমার সময় ছিল। রিটার্ন বাবদ পাওয়া ভ্যাট যোগ করে রাজস্ব আদায়ের হিসাবটি চূড়ান্ত করেছে এনবিআর। গত অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্য ছিল ৩ লাখ ৫০০ কোটি টাকা। এনবিআর সূত্রে জানা গেছে, গত অর্থবছর বেশি রাজস্ব এসেছে ভ্যাট বাবদ, আদায় হয়েছে ৮৪ হাজার ৮৪৯ কোটি টাকা। এই খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ৮ হাজার ৬০০ কোটি টাকা। সেই হিসাবে লক্ষ্যের তুলনায় ঘাটতি ২৩ হাজার ৭৫০ কোটি টাকা। আয়কর খাতে ১ লাখ ৬ হাজার ৬৭৯ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যের বিপরীতে হয়েছে ৭৩ হাজার ৪ কোটি টাকা। ফলে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৭৫ কোটি টাকা। এ ছাড়া অন্যান্য শুল্ক খাতে এনবিআর গত অর্থবছর আদায় করেছে ৬০ হাজার ৫৫২ কোটি টাকা। এসব খাতে লক্ষ্য ছিল ৮৫ হাজার ২২১ কোটি টাকা। কিন্তু বছর শেষে ঘাটতি হয়েছে ২৪ হাজার ৬৬৯ কোটি টাকা।

সূত্র: দেশ রূপান্তর

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ