পুলিশের ভয়ে চাল রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা। জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। তবে এই চালের কোনো মালিক পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর বাজারের ফকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় চালগুলো উদ্ধার করা হয়।
ডিগ্রীর চর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. দেলুয়ার হোসেন জানান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কান্দারচর বাজার এলাকায় কিছু চালের বস্তা পড়ে আছে। পরে টিম নিয়ে চাল উদ্ধার অভিযানে যান তিনি। ঘটনাস্থলে পৌঁছে ফকিরপাড়া ব্রিজের দক্ষিণ পাশে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১৮ বস্তা চাল উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কালোবাজারিরা চালগুলো তাদের গন্তব্যে নেওয়ার পথে পুলিশের ভয়ে ফেলে রেখে চলে যায়। এ চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির হতে পারে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।