ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারতজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ ঘটনায় মোদির নীরবতার সমালোচনাও করেছেন তিনি। তবে শেষমেশ নিরবতা ভেঙে কংগ্রেসসহ সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদি। সংবাদসূত্র : এবিপি নিউজ ভারত-চীন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে আগামীকাল বিকাল ৫টায় এই বৈঠক ডাকা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর। কংগ্রেসসহ সব বিরোধীদলকেই আমন্ত্রণ জানানো হবে বৈঠকে। সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চীনের সেনা সংঘর্ষে এক কর্নেলসহ ২০ সেনার মৃতু্য হয়েছে। চীনের দিকেও অনেক হতাহত হয়েছে বলে ভারতীয় সেনাসূত্রের বরাতে দাবি একাধিক সংবাদমাধ্যমের। তারপর থেকে চিফ অব ডিফেন্স স্টাফ এবং সেনার তিনবাহিনীর কর্মকর্তাদের নিয়ে একাধিকবার বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এরপর বুধবার সকালে সরকারের তরফে এই সর্বদল বৈঠকের কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বিভিন্ন দলের নেতানেত্রীরা ভিডিও বৈঠকে যোগ দেবেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক ডাকা তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এর আগে বুধবার সকালে টুইটারে দেওয়া এক পোস্টে এ নিয়ে কথা বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চুপ কেন? কেন তিনি লুকিয়ে আছেন? যথেষ্ট হয়েছে! কী ঘটেছে (ভারতীয় সেনাদের প্রাণহানি) তা আমাদের জানতে হবে। আমাদের জওয়ানদের হত্যা করার স্পর্ধা চীনের হয় কী করে? কোন সাহসে তারা আমাদের জমি নিয়ে নেয়?’


















