ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নাজমুল হক সৈকত। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।
শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ শেখ মো. মতিউর রহমান এবং মা মরহুমা আলহাজ মোসাম্মৎ রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
তিনি স্থানীয় গওহরডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় কোরান হেফজের মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন। শিক্ষা জীবন শেষে তিনি সুলতানশাহী কেকানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে অ্যাডভোকেট হিসেবে গোপালগঞ্জ জজকোর্ট এবং ঢাকা জজকোর্টে প্র্যাকটিস শুরু করেন।