সারাদেশে ব্যাপকহারে বেড়েই চলছে নভেল করোনাভাইরাস। একইসঙ্গে বাড়ছে মৃত্যু সংখ্যাও। তবে গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে।
গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ সময়ে ৯৫৪ টি নমুনা পরীক্ষা করে এদেরকে শনাক্ত করা হয়েছে।
নতুন রোগী শনাক্ত হওয়ার পর দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪৮২ জন।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিভিন্ন তথ্য তুলে ধরেন। ধরেন।
একনজরে দেশের করোনার চিত্র
মোট আক্রান্তের সংখ্যাঃ ৪৮২ জন
করোনায় নতুন মৃত্যঃ ৩ জনের
করোনায় মোট মৃত্যু হয়েছেঃ ৩০ জন
নতুনভাবে সুস্থ হয়েছেনঃ ৩ জন
এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেনঃ ৩৬ জন
গতকাল শুক্রবার দেশে ৯৪ জনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ১১২ জন। বুধবার দেশে ৫৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল। তার আগের দিন বেড়েছিল ৪১ জন। সোমবার নতুন রোগী পাওয়া গিয়েছিল ৩৫ জন। আর রোববার ১৮ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন। আগের দিন মারা গিয়েছিলেন ৬ জন, তার আগের দিন ১ জন। মঙ্গলবার মারা গিয়েছিলেন ৩ জন। সোমবার করোনায় ৫ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মানুষ করনাভাইরাস থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৬ জন সুস্থ হয়েছেন করোনা থেকে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৮ জনের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ১০ জন নারী।
অন্যদিকে এদের মধ্যে ১৪ জন ঢাকার, ৮ জন নারায়ণগঞ্জের। বাকীরা দেশের বিভিন্ন জেলার।