ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন

সব উপজেলা থেকে নমুনা সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা রোগী সনাক্তের লক্ষে প্রত্যেক উপজেলা থেকে কমপক্ষে দুটি করে নমুনা সংগ্রহ করে আজ বৃহস্পতিবারের মধ্যে অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান।

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দুজনের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই তার নির্দেশনা অনুসারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিভিন্ন বিভাগীয় পরিচালককে নমুনা সংগ্রহের নির্দেশনা দিয়েছেন।

আজ সারাদেশ থেকে এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. মো. হাবিবুর রহমান।

ব্রিফিংয়ে তিনি জানান, দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছর এবং একজনের বয়স ৭০ থেকে ৮০ বছর। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

ডা. হাবিবুর রহমান বলেন, রাজধানীসহ সারাদেশে পিসিআর মেশিনের মাধ্যমে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।ঢাকায় ছয়টি এবং ঢাকার বাইরে চারটি প্রতিষ্ঠানে ইতোমধ্যেই নমুনা পরীক্ষা শুরু হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে। খুব শিগগির এগুলোতে কাজ শুরু হবে।

এদিকে দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার জন্য সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনার ঝুঁকি এড়াতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ